সংযুক্ত আরব আমিরাত সরকার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য একটি পরীক্ষামূলক ‘মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসা’ প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের ফলে আগের তুলনায় অনেক কম খরচে এই ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সোমবার (৭ জুলাই) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
সাধারণত বিদেশে বসবাস বা কাজ করতে চাইলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, চাকরির অফার লেটার বা অন্যান্য দীর্ঘ ও জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে গোল্ডেন ভিসা এসব নিয়মের বাইরে গিয়ে একটি সহজ বিকল্প হিসেবে কাজ করে।
পিটিআই জানায়, আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে হলে দেশটিতে ব্যবসা করতে হতো অথবা কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম মূল্যের সম্পত্তি কিনতে হতো। কিন্তু নতুন নিয়মে ভারত ও বাংলাদেশের নাগরিকরা শুধুমাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন- কোনো বিনিয়োগ ছাড়াই।
এই নতুন নীতির ফলে আবাসন বা ব্যবসায় বিনিয়োগ না করেই গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব হচ্ছে।
আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গোল্ডেন ভিসা এমন একটি দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি, যা পেতে কোনো স্পন্সরের প্রয়োজন হয় না। এ ভিসার আওতায় প্রার্থীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আমিরাতে বসবাসের সুযোগ পান। এর মাধ্যমে তারা সেখানে বসবাস, কাজ, শিক্ষা ও ব্যবসার সুযোগ গ্রহণ করতে পারেন এবং এটি পরিবারকেও অন্তর্ভুক্ত করে।
ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর, সিইপিএ চুক্তিভুক্ত অন্যান্য দেশেও একই ধরনের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
